নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের বহুতকুল গ্রামে অন্যের বাড়ি ও ফসলি জমি কেটে রাস্তা চায় না স্থানীয়রা। নতুন রাস্তা করার নামে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যের নাম ভাঙিয়ে প্রান্তিক কৃষি জমি ভরাট এবং মানুষের বাড়ি-ঘর ভেঙ্গে এর উপর দিয়ে রাস্তা নির্মাণের পায়তারা করছেন। এ ঘটনায় প্রতিকার চেয়েছেন ভুক্তভোগীরা।
ভূক্তভোগী মো. মানোয়ার জানান, আমি গরিব মানুষ টুকটাক কাজের উপর নির্ভরশীল। এখানে মাত্র ৬ শতাংশ জমির উপর আমরা ৪টা পরিবার বসবাস করি। এই রাস্তা নির্মাণ হলে আমার ঘর ভাঙ্গা পড়বে। এতে করে আমরা ৪টি পরিবার আর্থিক ও মানষিক ক্ষতির সম্মুখিন হবো। আমাদের জায়গা এবং ঘর উভয় চলে যাবে। আমার থাকার আর কিছুই থাকবে না। কে জায়গা দিবে, কে ঘর করে দিবে। এই ভিটি বাড়িটি ছাড়া আমাদের আর কিছুই নেই। তাই আমরা এই রাস্তা চাই না। আমাদের বাড়ির ডান পাশের বড় রাস্তা একটা কালভার্ট নির্মাণ করলেই আমরা ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারি।
আরেক ভুক্তভোগী কৃষক খলিল মিয়া বলেন, এখানে আমাদের ৪জন কৃষকের ২৪ শতক ফসলি জমি রয়েছে। এই ফসলের উপর নির্ভর করেই আমাদের চলতে হয়৷ আমার জায়গাটি ৪৫ফিট চওরা এখান থেকে রাস্তার জন্য ৩০ফিট জায়গা যদি নিয়ে নেয় তাহলে আমি বাঁচবো কিভাবে? তাই আমরা এই রাস্তা চাইনা।
এ ব্যাপারের রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজিমউদ্দিন খান বলেন জানান, আমি দীর্ঘদিনের চেয়ারম্যান আমার হাত দিয়ে এই এলাকায় অনেক রাস্তাঘাট হয়েছে কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবেনা কারো জমির উপর জোর করে কিংবা কারো বাড়িঘর ভেঙে রাস্তার করার অভিযোগ করতে পারবেনা। কতিপয় নোংরা মানুষিকতার লোকজন এসব মিথ্যে রটনা ছড়াচ্ছে। রাস্তার এই কাজটি কারো ব্যক্তি স্বার্থের জন্য করা হচ্ছে না। তাদের সুবিধার জন্যেই এই কাজ করা হচ্ছে তবে কারো ঘর-বাড়ি নষ্ট করে এই রাস্তা করা হবে না।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।