সিজে নিউজ ডেস্কঃ
সাভারে পূর্ব শত্রুতার জেরে সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের বাড়িতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ৩ জন আহতসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা (নং-২৪) দায়ের করেছেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভুক্তভোগী সাইদুর রহমান সুজন।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ দিদারুল ইসলাম।
এর আগে, বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন আশরাফ, রনি ও রাইসুল ইসলাম ।
অপরদিকে হামলায় অভিযুক্তরা হলেন—আসলাম হোসেনের ছেলে মো. মামুন হাসান, মৃত আক্কাছ আলীর ছেলে ফরিদুল ইসলাম, এখলাছ মিয়ার ছেলে মোস্তফা মিয়া, মৃত আলী মিয়ার ছেলে ফরিদুল ইসলামসহ অজ্ঞাত ৪/৫ জন।
এসময় সুজনে বাড়ির লোকজন বলেন, ঘটনার দিন ৮/১০ জন লোক দেশিও অস্ত্রসহ আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির প্রধান গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাদের লোকজনদের মারধর করে।
বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত ভূমিদস্যু মামুন হোসেন ও তার লোকজন আমার বাড়িতে হামলা করে। এ সময় আমার বড় ছেলে রাইসুল ইসলাম ইনজিয়ালসহ ৩ জন আহত হয়েছে। এছাড়া ভাঙচুর করে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষতিসোধন করে সন্ত্রাসীরা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মামুন হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেনি। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিদারুল ইসলাম জানান, সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।