সিজে নিউজ ডেস্কঃ
ঢাকার সাভারে অটোরিকশা চালক শাহজাহান (২৪) কে কুপিয়ে হত্যা। যুবককের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বুধবার (২৮ আগস্ট) বেলা ১২ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর কৃষিবিদ এলাকা থেকে ওই যুবককের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান গাইবান্ধা জেলার সদর থানার কোনাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার ইসলাম পলোয়ানের মালিকানাধীন ভাড়াবাড়িতে বসবাস করতেন।
পুলিশ জানায়, রাতে যাত্রীবেশে শাহজাহানের অটোরিকশায় ওঠে হত্যাকারীরা। পরে বিরুলিয়ার কালিয়াকুর এলাকার ঈদগাহ মাঠের পশ্চিম পাশে রাস্তার ধারে রিকশা ছিনিয়ে নিতে চায় যাত্রীবেশে থাকা ওই অপরাধীরা। এসময় শাহজাহানকে গলা,পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারলো অস্ত্রের আঘাত করে। তবে সে সময় অপরাধীরা রিকশা নিয়ে পালিয়ে যেতে পারেনি। বুধবার সকালে স্থানীয়রা শাহজাহানের মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানায় খবর দেয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক তামিন আহমেদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের মরদেহের পাশেই অটোরিকশাটি পাওয়া গেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।