সিজে নিউজ ডেস্কঃ
সাভারের হেমায়েতপুরে দুর্বৃত্তের গুলিতে মো. রমজান নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এঘটনায় ভুক্তভোগী রমজানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) বিকেলে গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী। এর আগে গতকাল রাতে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি ভাংগা ব্রিজ সংলগ্ন নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়।
আহত রমজান খাঁন (৩৫) সাভারের হেমায়েতপুরের পৃর্বহাটি ভাংগা ব্রিজ সংলগ্ন হোসেন খাঁনের ছেলে। তিনি গ্লোব কোম্পানির পরিবেশক বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আহতের এক স্বজন বলেন, ঘটনার সময় আশে পাশে অনেক লোকজনই ছিল। গতকাল রাতে রমজানের বাড়িতেও হামলা করা হয়। ঘটনাস্থলে মোশাররফ নামের এক ব্যক্তি নিজে উপস্থিত থেকে রমজানকে গুলি করে। আমি যতোদূর জানি তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব। রমজান একটি জায়গা তার চাচা আসাদের নিকট বিক্রি করে। সেই জমি বিক্রি করায় দুই লাখ টাকা চাঁদা চায় মোশাররফ। ১ লাখ টাকা কম দেওয়ায় রমজানকে গুলি করেন তিনি।
আহত রমজান মিয়া বলেন, আমি রাতে কাজ শেষে বাসায় ফিরছিলাম। এসময় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা গুলি করে। পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করেন। এখানেই আমার চিকিৎসা চলছে। তবে কি কারনে, কে তাকে গুলি করেছে এব্যাপারে তিনি মুখ খোলেন নি। এখন পর্যন্ত থানায় তিনি কোন অভিযোগও দায়ের করেন নি।
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, গতকাল রাতে গুলিবিদ্ধ অবস্থায় রমজান নামের এক ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়। তার চিকিৎসা চলছে।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, এধরনের কোন খবর আমাদের কাছে নেই। এখন পর্যন্ত কোন অভিযোগও কেউ করে নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।