সিজে নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যারা শ্রমিকদের কর্মস্থলে দুর্বল করে রাখে, শ্রমিকদের পক্ষে কথা বলবার সুযোগ যারা দেয় না, কোনভাবেই রাষ্টীয় পদ পদবী এবং জনগণের প্রতিনিধিত্ব করার জায়গায় যেন তাদের দেওয়া না হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর পূর্তি উপলক্ষ্যে ১৩-২৪ স্মরণ ও সংস্কারে শ্রমিকের বন্দোবস্ত কর্মসূচীতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশে নতুন করে রাজনীতির বন্দোবস্ত নির্মান করতে চায়। নতুন রানীতির বন্দোবস্তে শ্রমিকদের হিস্যা ন্যায্য ভাবে আদায় করবার জন্য জাতীয় নাগরিক পার্টি সবসময় শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদের হয়ে সবসময় কাজ করে যাবে।
তিনি আরো বলেন, এনসিপি শ্রমিকদের অধিকার রক্ষা করার জন্য শ্রমিকদের স্বার্থে শ্রমিক উইং গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে আমরা একটি কমিটি গঠন করেছি। আপনাদের কাছে আহ্বান থাকবে দেশের মেহনতি শ্রমিক জনতার পক্ষে কথা বলার জন্য তাদের দাবি-দাওয়াগুলো আদায় করার জন্য অবশ্যই জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনাদের বক্তব্যগুলোকে সারা দেশের সকল পর্যায়ের শ্রমিকদের বক্তব্যগুলোকে উপস্থাপনের দায়ভার জাতীয় শ্রমিক পার্টির শ্রমিক উইং কাঁধে তুলে নিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক উইং এর প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির, শ্রমিক উইং এর স্থানীয় নেতাকর্মীসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।