
সিজে নিউজ ডেস্ক :
ঢাকার সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে।
প্রায় একঘন্টা রাস্তা অবরোধ রাখার পর সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আরমান আলীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে প্রায় এক ঘন্টা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয় ফলে কর্মস্থলগামী মানুষ ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
পরে খবর পেয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলীসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছান এবং অবরোধকারী চালকদের সঙ্গে কথা বলেন, তাদের দাবিদাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। পাশাপাশি মহাসড়কে অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
ওসির আশ্বাসে চালকরা মহাসড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল। চালকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
এব্যপারে হাইওয়ে থানা ওসি বলেন, ব্যাটারিচালিত রিকশা মহাসড়কে চলাচল আইনগতভাবে নিষিদ্ধ হলেও এরা তা মানেনা, আমরা জরিমানা করেও এদের দমন করতে পারিনি। এটা জেলা ও থানা পর্যায়ে উদ্যোগ নিলে বন্ধ করা সম্ভব হবে।
এ বিষয়ে পৌর শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন শ্রমিকদের সাথে একমত পোষণ করে বলেন, আপনাদের দাবির ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করব।