সিজে নিউজ ডেস্কঃ
ঢাকার সাভার উপজেলার মজিদপুর এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ল্যাবজোন হাসপাতাল এর পূর্বে পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. আবু কালাম (৩৪)। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করতেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা হাসপাতালের পেছনের ডোবায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সাভার মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখমণ্ডল পুড়িয়ে দিয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা আবু সাঈদ দাবি করেন, তার ছেলে বিদেশে যাওয়ার জন্য কয়েকজন ব্যক্তির কাছে টাকা জমা দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে বিদেশে পাঠাতে না পারায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এদিকে ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।