সিজে নিউজ ডেস্ক :
সাভার থানায় নিকটস্থ ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে চৌঠাল গ্রামে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজে বাধা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন জমির মালিক।অভিযোগে সাভারের ব্যাংক কলোনী এলাকার মো. মকবুল হোসেন জানান, ধামরাই উপজেলার বরাকৈর মৌজায় ১১ দশমিক ৭৬ শতাংশ জমি তিনি ক্রয় করে ভোগদখলে রয়েছেন। জমিতে ঘর নির্মাণের সময় বিরাজ সরকার, ইব্রাহিম খলিল ও অনিল সরকারসহ কয়েকজন তার কাজে বাধা দেন।
গত ৩ আগস্ট সকাল ৭টার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটা, লোহার রড, হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে নির্মাণাধীন ঘর ও চারপাশের পাকা দেয়াল ভাঙচুর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
এছাড়া জমি ছেড়ে না গেলে তাকে হত্যা ও গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।