
সিজে নিউজ ডেস্ক:
ঢাকা জেলার সাভার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
গ্রেফতারকৃতরা হলেন ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহ-সভাপতি পুলক সরকার (২৭) এবং আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম শেখ (৪৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর একটি বিশেষ আভিযানিক দল সাভার এলাকায় অভিযান পরিচালনা করে। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ রাশেদ মিয়া ও এসআই মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টা পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালান। এই অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি (উত্তর)-এর কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং সাভার মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।