
সিজে নিউজ ডেস্ক:
সাভারের আমিন বাজারে পুলিশের সহকারী উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি মোঃ মাসুদ রানাকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
২৮/০৯/২০২৬ ইং তারিখ সোমবার গভীর রাতে টাঙ্গাইল জেলার নাগরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশক্রমে অভিযান পরিচালনা করেন আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জাকির আল আহসান। তিনি জানান, সোমবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ নাগরপুর থানা এলাকায় আসামির শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই আলতাব হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ১৯ জন আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃত মাসুদ রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং মামলার বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।