
সিজে নিউজ ডেস্ক :
ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) সাভারে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ রায়হান ইসলাম (২৮) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ১:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন জোরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মোঃ মাসুদ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত রায়হান নাটোর জেলার লালপুর থানার নবীরপাড়া এলাকার মোঃ বকুলের ছেলে। বর্তমানে সে শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করে আসছিল।
ডিবি উত্তর জানায়, উদ্ধারকৃত ৪ হাজার পিস ইয়াবার মোট ওজন ৪০০ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি (উত্তর)-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।