
সাভার প্রতিনিধি:
ঢাকা জেলার সাভার এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রোববার (৪ অক্টোবর) রাত ১১:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জের কটিয়াদী থানার ভত্তিহাটা এলাকার মৃত সোলেমানের ছেলে মোঃ মাসুদ (৩৫) এবং বরগুনার পাথরঘাটা এলাকার আঃ জব্বারের ছেলে মোঃ শামীম (৩৮)। তারা উভয়েই বর্তমানে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ সিএন্ডবি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামীদের হেফাজত থেকে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের ৪০ পিস (০৪ গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।