সিজে নিউজ ডেস্ক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সাভার উপজেলার পূজামণ্ডপসমূহের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম এবং সঞ্চালনা করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীন ও আনন্দঘন পরিবেশে পালন করবে। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকার ও স্থানীয় প্রশাসন সব ধরনের সহায়তা প্রদান করবে।"
সভায় জানানো হয়, এ বছর সাভার উপজেলায় মোট ১০২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বক্তারা জানান, পূজাকেন্দ্রে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সাভার ও আশুলিয়া থানা পুলিশ প্রস্তুত রয়েছে। ভক্ত ও দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে মণ্ডপ ভ্রমণ এবং পূজা আর্চনা করতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসন সার্বক্ষণিক মাঠে থেকে দায়িত্ব পালন করবে।
উক্ত প্রস্তুতিমূলক সভায় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।