সিজে নিউজ ডেস্ক:
সাভারের হেমায়েতপুরে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১৩ বালতি দেশি মদ ও ২০২ লিটার মদসহ এক চীনা নাগরিক এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মারধর ও অবৈধ মাদক ব্যবসার পৃথক অভিযোগ পাওয়া গেছে।
গ্রেফতারকৃতরা হলেন—চীনা নাগরিক নিল ডাপেং (৫৩) এবং তার সহযোগী চম্পা বেগম (৩৫)।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হেমায়েতপুর নতুনপাড়া পূর্বহাটি এলাকার ‘গ্রীন টাওয়ার’ নামক ভবনের চতুর্থ তলার ৪/সি ফ্ল্যাটে অবৈধভাবে মদের ব্যবসা চালিয়ে আসছিলেন ওই চীনা নাগরিক। গত দুই বছর আগেই তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে তিনি বিভিন্ন স্থান থেকে মদ এনে নিজ ফ্ল্যাটে ক্রেতাদের কাছে বিক্রি করতেন এবং বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
ভুক্তভোগী চীনা নাগরিক রো ইওয়েন (৪৬)—যিনি একই ভবনের ১০ম তলায় ভাড়া থাকেন—অভিযোগ করে জানান, পূর্ব পরিচয়ের সূত্রে ওই ভবনের ভাড়াটিয়ারা নিজেদের বাসার চাবি প্রায়ই অভিযুক্তদের কাছে রেখে যান। গত ১২ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর অনুমান দুইটার দিকে তিনি তার ফ্ল্যাটের চাবি আনতে চতুর্থ তলায় যান। এ সময় চম্পা বেগমের সহায়তায় নিল ডাপেং তার ওপর অতর্কিত হামলা চালান। তাকে কিল, ঘুষি ও লাঠিপেটা করে রক্তাক্ত জখম করা হয়।
পরবর্তীতে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে বিভিন্ন হুমকি দিয়ে তাড়িয়ে দেন। স্থানীয়দের সহায়তায় তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হয়ে রুমমেট ও পরিচিতজনদের সাথে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে, এই ঘটনার তদন্ত ও মারধরের অভিযোগের সূত্র ধরে গতকাল সোমবার রাতে পুলিশ ওই চীনা নাগরিকের ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে ১৩ বালতি বাংলা মদ তৈরির উপদান, ২০২ লিটার প্রস্তুতকৃত বাংলা মদসহ অভিযুক্ত চীনা নাগরিক ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, বিদেশি নাগরিকের অবৈধভাবে অবস্থান, ফ্ল্যাটের ভেতর মদের কারখানা পরিচালনা এবং স্বদেশী নাগরিককে মারধরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।