নিজস্ব প্রতিবেদক, সাভার:
সাভারে যৌতুকের দাবি, শারীরিক নির্যাতন, পরকীয়া প্রেম এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাভার থানা রোড এলাকার লন্ডনাস রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী স্ত্রী রওশন আর বিথি জানান, প্রায় নয় বছর আগে ভিষান তালুকদারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ভিষান তালুকদার তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তিনি অভিযোগ করেন, তার স্বামী বিভিন্ন নারীর সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত রয়েছেন। তিনি গোপনে ইমো ও মেসেঞ্জারে মেয়েদের সাথে কথা বলেন।
এসব কার্যকলাপে বাধা দিলে তাকে বেধড়ক মারধর করা হতো। ইতিপূর্বেও একাধিকবার তাকে মারধর করে দুই সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। দুটি অবুঝ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি মুখ বুজে সংসার চালিয়ে গেলেও স্বামীর নির্যাতন কমেনি। বরং বিভিন্ন অজুহাতে যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন চালানো হতো।
অসহ্য নির্যাতন সইতে না পেরে প্রায় ছয় মাস আগে তিনি বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যান বলে জানান বিথি। কিন্তু এরপরও ক্ষান্ত হয়নি তার স্বামী। তাকে বিভিন্নভাবে হয়রানি করার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের আদালতে চুরির ঘটনা সাজিয়ে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তার বাবাসহ বাড়িতে এসে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং বড় ধরনের ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী রওশন আর বিথি আক্তার বলেন, "আমি আমার দুটি বাচ্চা ও নিজের জীবনের নিরাপত্তা চাই। সেই সাথে এই পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করছি।" তিনি তার ওপর চলা এহেন অবিচারের বিরুদ্ধে প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।