
তথ্য অধিকার আইন-২০০৯ এর সঠিক প্রয়োগ এবং তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যে সাভার সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীকে নিয়ে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন ও ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর (২০২৬) সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সাভারের উদ্যোগে এবং ইয়েস (Youth Engagement and Support) গ্রুপের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি বাস্তবে তথ্য পাওয়ার জন্য কীভাবে আবেদন ফরম পূরণ করতে হয় এবং তথ্য না পেলে আপিল করার নিয়মগুলো হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে তরুণদের মাঝে আইনটির যথাযথ ব্যবহারের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সনাক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সনাক সদস্য মো. সীমান্ত সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে ওরিয়েন্টেশন পর্ব পরিচালনা করেন টিআইবির ঢাকা ক্লাস্টারের কোঅর্ডিনেটর মো. মাহান উল হক নোবেল। এতে কলেজটির শিক্ষক-শিক্ষিকা, সনাক, এসিজি এবং ইয়েস গ্রুপের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
ওরিয়েন্টেশন শেষে এক সংক্ষিপ্ত মুক্ত আলোচনায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাভার সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধি মো. জহিরুল ইসলাম খাঁন, সনাক সহসভাপতি অ্যাডভোকেট মো. আ. কাদের (শাহীন), টিআইবি সাধারণ পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখম সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, তরুণ শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে প্রশিক্ষিত করার এই উদ্যোগ সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।
কর্মসূচির শেষ পর্যায়ে সাভার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সনাকের সাবেক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায় উপস্থিত শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। পরবর্তীতে সনাক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সফলভাবে এই ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি ঘটে।