নিজস্ব প্রতিবেদক, সাভার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম (৯৭ ব্যাচ) পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।
একজন দক্ষ, সাহসী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে সাভার মডেল থানায় যোগদানের পর থেকেই তিনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সময়োপযোগী পদক্ষেপে সাভারের সামগ্রিক অপরাধ চিত্র ও জননিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।
থানা সূত্রে জানা যায়, যোগদানের পর থেকেই ওসি সাইফুল আলম মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ মুন্সিয়ানা দেখিয়ে আসছেন। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার দূরত্ব কমিয়ে আস্থার নতুন সেতুবন্ধন তৈরি করায় তাঁর এই ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে।
স্থানীয়রা জানান, সাভারের মতো জনবহুল ও শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা একটি বড় চ্যালেঞ্জ। তবে ওসি সাইফুল আলমের পেশাদারিত্ব, সততা, কর্মদক্ষতা এবং নিরলস পরিশ্রমের ফলে অপরাধ প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো প্রয়োজনে সাধারণ মানুষ এখন থানায় গিয়ে নির্বিঘ্নে সেবা পাচ্ছেন, যা এই এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বড় একটি স্বস্তির বিষয়।
পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত হওয়ায় ওসি সাইফুল আলমকে সাভারের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয়বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এই অর্জন তাঁর পেশাগত জীবনের আরও বড় সাফল্যের পথ সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।