
সিজে নিউজ ডেস্ক:
ঢাকার সাভার মডেল থানার সামনে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে লাল টেপ দিয়ে পেঁচানো ৩টি ককটেল (কাঁচা বোমা) উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সাভার মডেল থানা থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে অবস্থিত অধোর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে বিদ্যালয়ের গেটের পাশে একটি সন্দেহভাজন সাদা রঙের শপিং ব্যাগ পড়ে রয়েছে।
সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। শপিং ব্যাগটি পরীক্ষা করে ভেতরে লাল কস্টেপ দিয়ে পেঁচানো ৩টি ককটেল পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয় এবং জায়গাটি পুলিশি পাহারায় সতর্ক অবস্থায় রাখা হয়।
সাভারে থানার এত কাছে ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টির অধিকতর তদন্ত চলছে।