সিজে নিউজ ডেস্ক :
৬টি মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা আত্মসাৎকারী মোঃ আবু সাঈদকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানাধীন আমিন বাজার পুলিশ ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আমিন বাজার পুলিশ ক্যাম্পের এসআই জাকির আল আহসানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় গুলশান বউ বাজার এলাকায় একটি পান-সুপারির দোকান চালানো অবস্থায় আবু সাঈদকে আটক করা হয়।
তিনি সাভারের আমিন বাজার ইউনিয়নের হিজলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, আবু সাঈদ একসময় ৪ থেকে ৫টি ইটভাটার মালিক ছিলেন। ওই সময় ইটের দাদন বাবদ মোটা অঙ্কের লভ্যাংশের প্রলোভন দেখিয়ে আমিন বাজার ইউনিয়নের শত শত মানুষের কাছ থেকে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নেন তিনি।
অর্থ আত্মসাতের পর ব্যবসা গুটিয়ে ২০১৯ সাল থেকে আত্মগোপনে চলে যান আবু সাঈদ।
পরবর্তীতে পাওনাদাররা টাকা ফেরত না পেয়ে তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ৬টি মামলায় আদালত তাকে সাজা প্রদান করেন এবং অন্যান্য মামলায় পর্যায়ক্রমে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়লেন এই প্রতারক ও সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।