
সিজে নিউজ ডেস্কঃ
সাভারের হেমায়েতপুরে বিভিন্ন বাসা-বাড়িতে নেওয়া দুই কিলোমিটার এলাকার অবৈধ ৫০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ধারাবাহিক প্রক্রিয়ায় আজ বুধবার (০৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হেমায়েতপুরের মোল্লা পাড়া ও আর্জেন্ট পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।
সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, সাভারের হেমায়েতপুরে দুইটি এলাকার ২ কিলোমিটারের ভেতরে প্রায় ৫শত অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাওয়ায় সব গুলো সংযোগই বিচ্ছিন্ন করা হয়েছে। বিচ্ছন্ন করতে গিয়ে দেখতে পাওয়া যায়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অতন্ত ঝুকিপূর্ণ ভাবে অসংখ্য বাসা-বাড়িতে সংযোগ নেওয়া হয়েছে। দুই ইঞ্চি, এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে যা খুবই ঝুকিপূর্ণ। আজকের এই অভিযানে সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাই আজকের অভিযানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এর আগে সরজমিনে গিয়ে জানা যায় কিছু অসাধু চক্র এই অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন-তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড সাভার জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান ও তিতাসের কারিগরি টিমের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।