
সিজে নিউজ ডেস্ক:
ঢাকার সাভারে “রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড” নামক একটি ফায়ার অ্যালার্ম অ্যান্ড ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের গোডাউনে চুরির ঘটনায় জড়িত ৬ জন সক্রিয় সদস্য এবং অপর একটি অভিযানে ১ জন ডাকাত/ছিনতাইকারী দলের সদস্যসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
গত ২৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে গোডাউনে চুরির সাথে জড়িত ৬ জন আসামিকে গ্রেপ্তার করেন এসআই (নিঃ) মো মোঃ রাশেদ মিয়া ও তার সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারকৃতরা হলেন ওসমান (২৩), রতন (২০), কবির (২৫), সিরাজুল ইসলাম (৪০), খোরশেদ আলম বাপ্পী (৩৯), লসকর আলী (৩৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা উক্ত চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, একই দিন সন্ধ্যায় (সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে) সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকা থেকে অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য ৭ নম্বর আসামি মোঃ সাইদুলকে (২৬) গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ১ থেকে ৬ নম্বর আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-৮১ (তারিখ: ২৩ অক্টোবর ২০২৬, ধারা: ৪৫৭/৩৮০ পেনাল কোড) মূলে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। এছাড়া ৭ নম্বর আসামিকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।