
সিজে নিউজ ডেস্ক :
ঢাকার সাভারে আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান ও সহায়তা করার অভিযোগে সাবেক যুবলীগ নেতা মো. বিল্লাল হোসেনকে (৫০) গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সাভারের ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. বিল্লাল হোসেন সাভারের ভবানীপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত ওয়াজ উদ্দীনের ছেলে। তিনি তৎকালীন যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে নেপথ্যে থেকে আওয়ামী লীগের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও মিছিলে অর্থ জোগান দিয়ে আসছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকে নিয়মিত দলীয় মিছিল-মিটিং আয়োজনে সহায়তা ও সমন্বয় করতেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার সাভার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাভার থানা পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।