
নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা):
ঢাকা জেলার সাভার মডেল থানাধীন কাউন্দিয়া এলাকা থেকে ৩৭ রাউন্ড গুলিসহ মুহিত সোবহান (২০) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় পুলিশী স্থাপনা থেকে এসব গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিল সে।
গ্রেফতারকৃত মুহিত সোবহান সাভার মডেল থানাধীন কাউন্দিয়া এলাকার সিংগাসার গ্রামের মো. মর্তুজা আলী ও মুক্তা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া ও সঙ্গীয় ফোর্স ৬ নভেম্বর রাতে সাভার মডেল থানাধীন কাউন্দিয়ার সিংগাসার এলাকা থেকে তাকে আটক করেন।
এ সময় তার হেফাজত থেকে ৩৭ রাউন্ড তাজা আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ‘The Arms Act 1878’-এর ১৯(এ) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ৫ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।