
সিজে নিউজ ডেস্কঃ
মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন জুয়েল মন্ডল।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে বিরুলিয়ার আক্রান এলাকায় বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল সাংবাদিক সম্মেলনে চাদাঁবাজীর অভিযোগের তীর নিক্ষেপ করেন ইউপি সদস্য আব্দুল কাদের এর বিরুদ্ধে।
তিনি জানান, আমি দীর্ঘদিন যাবত আমিন মোহাম্মদ গ্রুপের একটা প্রতিষ্ঠানে কাজকর্ম করে আসছি। আমি পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার অবস্থানকালে হঠাৎ করে বিরুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কাদের মেম্বার সাইডে এসে আমার কাজ বন্ধ করে দেয়। তখন আমি বলি যে কক্সবাজার থেকে ফিরে কী সমস্যা সেটা আমি দেখবো। এরপর আমি আসার পরে আমার লেবার ও মিস্ত্রীরা কাজ করছে এসময় সে আবারও কাজ বন্ধ করার জন্য গেলে লেবারদের সাথে তার হাতাহাতি হয়। অথচ আমি কিছুই জানি না এব্যাপারে, সে আমার বিরুদ্ধে সাভার থানায় অভিযোগ করে এবং আমার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করে।
জুয়েল মন্ডল আরও জানান, আগামীতে আমি যেন যুবলীগের ভাইটাল কোনো পোস্টে যেতে না পারি এজন্য আমাকে হেয় প্রতিপন্ন করতে একটা কুচক্রী মহল এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আর বিরুলিয়া ইউনিয়নবাসী জানে যে মন্ডল ফ্যামিলি কত জনপ্রিয় ফ্যামিলি। এজন্য বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে সেলিম মন্ডলকে বিপূল ভোটে নির্বাচিত করেছে। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি মহল এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এই অপপ্রচার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে, গত ০৮ জানুয়ারি আমিন মোহাম্মদ গ্রুপের সহকারী ঠিকাদার হাসিবুল হাসান সাভার মডেল থানায় ইউপি সদস্য আব্দুল কাদের এর বিরুদ্ধে একটি অভিযোগ করেন। তার সাথে যোগাযোগ করতে না পেরে তার ঠিকাদার মোঃ রবিউলের সাথে কথা হয়। গণমাধ্যমকে তিনি জানান, আমি গত ৩ জানুয়ারি ঢাকায় ছিলাম। এসময় কিছু লোক এসে আমার সহকারী ঠিকাদার হাসিবুল হাসানকে কাজ বন্ধ করার জন্য হুমকী দেয়। পরে আমি জানতে পারি এরা বিরুলিয়া ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কাদের এর লোক।
সাভার মডেল থানায় সহকারী ঠিকাদার হাসিবুল হাসান এর অভিযোগ থেকে জানা যায়, গত ৩ জানুয়ারি দুপুরে বিরুলিয়ার আশুলিয়া মডেল টাউনে আমিন মোহাম্মদ গ্রুপের তাবাসুম এর নির্মীয়মান ফ্লাটের বাউন্ডারিতে ঠিকাদার হাসিবুলের শ্রমিকরা কাজ করছিলো। এসময় ইউপি সদস্য আব্দুল কাদের, জুয়েল, আল-আমিন, জাহিদসহ আরও ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে কাজে বাধা দেয় ও ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং পরে দেয়াল ভেঙে শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়।
ঘটনাস্থলে সেদিন উপস্থিত ছিলো এমন কয়েকজন শ্রমিক গণমাধ্যমকে ইউপি সদস্য আব্দুল কাদের এর কাজ বন্ধ করে দেবার বিষয়টি ভিডিও বক্তব্যে জানিয়েছে।
তবে এব্যাপারে মুঠোফোনে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের চাঁদাবাজীর অভিযোগ অস্বীকার করে উল্টো বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল এর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও তার উপর হামলার অভিযোগ তোলেন।
তিনি বলেন, এসব মিথ্যা কথা। আমাকে তারা মারধর করেছে। আমি এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলাও করেছি। উল্টো আমি বাড়ির কাজ করতে গেছি সেখানে তারা চাঁদা চেয়েছে।
তবে বিষয়টি জানতে মুঠোফোনে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিদারুল ইসলামকে কল করা হলে তিনি কল রিসিভ না করায় এবিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায় নাই।