
সাভার প্রতিনিধি :
মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দেখা করার কথা ছলে ডেকে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় দুই নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী অপহৃতের বাবা খন্দকার আশরাফুল নেওয়াজ হিরু।
এর আগে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর উত্তরার দক্ষিণ খান থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে তাদের গ্রেপ্তার করা হয়।
অপহৃতের নাম রাশিদুস সাবরু নিলয়। তেজগাঁও কলেজের ইতিহাস বিভাগের (অনার্স) ফাইনাল ইয়ারের ছাত্র ও সাভারের জামসিং এলাকায় বাবা খন্দকার আশরাফুল নেওয়াজ হিরুর সাথে বসবাস করতেন।
গ্রেপ্তাররা হলেন- বরিশাল জেলার উজিরপুর থানার গুটিয়া গ্রামের ইউনুস মোল্লার মেয়ে আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা (২২), রাজধানীর নবাবগঞ্জ থানার আলীরচর গ্রামের মিনহাজুল ইসলামের ছেলে ও আতিয়া ইসলামের স্বামী রবিন মাহমুদ (২৩), বরিশাল জেলার উজিরপুর থানার গুটিয়া গ্রামের ইউনুস মোল্লার ছেলে ও আতিয়া ইসলামের ভাই আসিফ মাহমুদ (২০),
বরিশাল জেলার উজিরপুর থানার দহরপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার মেয়ে শারমিন আক্তার (২৬) ও লক্ষীপুর জেলা সদরের পূর্ব চরমটুয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাকির হোসেন (২৪)। তারা সবাই ঢাকার দক্ষিনখানের ফায়েদাবাদ ছাপড়া মসজিদ সংলগ্ন মীর জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে সাভার থেকে উত্তরার উদ্দেশ্যে বের হয়ে যায় নিলয়। এদিন রাত ৮ টা ৫২ মিনিটে ছেলের মোবাইল নম্বর থেকে কল আসে বাবা খন্দকার আশরাফুল নেওয়াজের ফোনে।
ওপার থেকে নিলয় বলে “বাবা আমাকে বাঁচাও” ৫ লাখ টাকা দিলে ওরা আমাকে ছেড়ে দেবে। ওরা আমাকে মারছে। আমাকে বাঁচাও।” এরপর হোয়াটসঅ্যাপে পাঠানো হয় ছেলের রক্তাক্ত ছবি। পরে থানায় অভিযোগ দায়ের করে র্যাবকে জানালে অভিযান শুরু করে র্যাব। পরে র্যাব উত্তরার দক্ষিণ খান থেকে অপহৃত নিলয়কে উদ্ধার করে তাদের গ্রেপ্তার করে।
এব্যাপারে নিলয়ের বাবা বলেন, আমার ছেলেটাকে হাতুরি দিয়ে মাথায় পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা দিনভর ছেলেটার ওপর নির্যাতন করেছে। এরা অত্যন্ত নির্দয় মনের মানুষ। আমি এদের (গ্রেপ্তারদের) বিচার চাই।