
সিজে নিউজ ডেস্কঃ
ঢাকা ইপিজেড এর ভারতীয় মালিকানাধীন লেনী এপারেলস লিঃ ও লেনী ফ্যাশন লিঃ এর শ্রমিকগণ বকেয়া পাওনাদির দাবীতে ইপিজেড এর জোন অফিসের সামনে মানববন্ধন করেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আনুমানিক দুইশত থেকে আড়াইশত শ্রমিক জোন অফিসের সামনে তাদের দাবী-দাওয়া নিয়ে মানববন্ধন করে। এসময় ইপিজেড এর মেইন গেটের বাইরে আরোও প্রায় এক দেড়শত শ্রমিক উপস্হিত ছিল।
তবে বেপজা কর্তৃপক্ষ ফ্যাক্টরী বিক্রি সাপেক্ষে আগামী ৩০ নভেম্বর তাদের বকেয়া পাওনাদি পরিশোধ করার আশ্বাস দিলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে। মানববন্ধন শেষে তিন থেকে সাড়ে তিনশত শ্রমিক ইপিজেড এর মেইন গেটের ভিতরে ও বাইরে অবস্হান করছিল।
ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এপিবিএন, শিল্প পুলিশ, বেপজার নিজস্ব নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যরা পরিস্হিতি নিয়ন্ত্রনে কাজ করেছে।
প্রসঙ্গত, উল্লেখিত ফ্যাক্টরি দু’টি ব্যবসায়িক সমস্যার কারণে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বন্ধ ঘোষিত হয়। সে সময় শ্রমিকদের পাওনাদির ৪০% পরিশোধ করা হয় এবং বাকি ৬০% টাকা ফ্যাক্টরি দু’টি নিলামে বিক্রি সাপেক্ষে পরিশোধ করা হবে বলে শ্রমিকদের জানানো হয়। ইতোমধ্যে লেনী এপারেলস বিক্রি করা গেলেও লেনী ফ্যাশন ফ্যাক্টরীটি তিনবার নিলাম আহ্বান করা সত্ত্বেও বিক্রী করা সম্ভব হয়নি। ফ্যাক্টরীটি ৪র্থ বার নিলাম আহ্বানের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।