
সিজে নিউজ ডেস্ক:
বিএনপি ক্ষমতায় এলে মাদক, সন্ত্রাস, যানজট ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
শনিবার বিকেলে সাভারের আকরাইন বাজারে গনসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।
পরে দোয়া শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পায়ে হেঁটে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম আহবায়ক সাভার থানা বিএনপি আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বদিরুজ্জামান বদির, সহ-সভাপতি এ্যাড. নাজিম উদ্দিন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠন ও স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, আজ দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক ও সন্ত্রাস সমাজের ঢুকে পড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ বুকে ধারণ করেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।