
সিজে নিউজ ডেস্ক :
সাভারে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয়ের অভিযোগে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (৩ অক্টোবর) রাতে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাশন আমতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাহীনুর ইসলাম ওরফে মিলিটারী শাহীন (২৮), সদিপ্ত বিশ্বাস ওরফে কার্তিক (২১), সাব্বির হাসান (১৯) এবং শাকিম মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ সাইফুল আলমের দিক নির্দেশনায়
এস.আই শামীমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পশ্চিম রাজাশন আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের তল্লাশি চালিয়ে শাহীনুর ইসলামের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও নগদ ১,৩৫০ টাকা; সদিপ্ত বিশ্বাসের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন; সাব্বির হাসানের কাছ থেকে ৫ পিস ইয়াবা এবং শাকিম মিয়ার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় সংবদ্ধভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।