সাভার উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি ধ্বংশ করে গড়ে উঠেছে অনুমোদন বিহীন ইটভাটা। আর অতিরিক্ত মাটি ও পরিবেশ দূষণ থেকে নগরীকে রক্ষা করতে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় সাভারের নয়ারহাট এলাকায় ২ টি ইটভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সাভার উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি জহিরুল ইসলাম।
সোমবার দুপুরে সাভার নয়ারহাট মির্জানগর এলাকায় কনফোর্স লিমিটেড ও সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড নামে ইট প্রস্তুত কারক প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে কনফোর্স লিমিটেড ও সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড নামের ২ টি ইট ভাটার মালিককে ৩ লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম।