
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ তিন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
রোববার (১৯ অক্টোবর) ডিবি (উত্তর), ঢাকা জেলার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে গত শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম এলাকার জাহানারা বেগমের মালিকাধীন একটি অটো গ্যারেজে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন সৈয়দ আলভী (৩০), মোঃ মামুন (৩৪), জহিরুল (২৭)। স্থানীয়ভাবে জানা যায় এরা সন্ত্রাসী সাদ্দামের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান ডিউটি পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আউকপাড়া আদর্শগ্রামের একটি অটো গ্যারেজে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য তাৎক্ষণিকভাবে উচ্চপদস্থ কর্তৃপক্ষকে অবহিত করে গ্যারেজটিতে অভিযান চালানো হয়। অভিযানে ধৃত আসামিদের হেফাজত থেকে কাঠের বাটযুক্ত সাত ইঞ্চি দীর্ঘ একটি বিদেশি পিস্তল (যাহার গায়ে ইংরেজিতে TTA এবং ALY খোদাই করা) এবং এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।