
ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ল্যান্ডফিল থেকে ভেকুর কাজে ব্যবহৃত ৮শ লিটার সরকারি তেল পাচারকালে আল-আমিন (৩৪) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। এ সময় তেল ও পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তেলভর্তি ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়।
আটক আল-আমিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর-১ এর গোদারঘাট এলাকায় ভাড়াবাসায় বসবাস করেন এবং সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম ট্রাকচালক হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় একটি ট্রাকে ৪০টি কন্টেইনার বোঝাই করে ৮শ লিটার ডিজেল নিয়ে রাজধানীর দিকে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। পরে পাচারকৃত তেল ও ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান জানান, ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশির সময় তেলবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক তেল পাচারের বিষয়টি স্বীকার করেছেন। তিনি আমিনবাজারের ল্যান্ডফিল থেকে তেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি চোরাই তেল চক্রের কাছে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।