
সিজে নিউজ ডেস্ক:
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) পৃথক দুইটি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭ বোতল ফেয়ারডিলসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এবং সাভারের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান দুটি পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় প্রথম অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) শেখ মোঃ মাসুদ আল মামুন ও তাঁর দল। সেখানে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ নাহিদ (২০), মোঃ শাকিল (২২) এবং মোঃ আল আমিন (২২)। তারা সবাই ধামরাই উপজেলার বাসিন্দা।
অন্যদিকে, রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন ও তাঁর দল। এই অভিযানে ৭ বোতল ফেয়ারডিলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ফেয়ারডিলের আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাভারের কলমা উত্তর পাড়ার বাসিন্দা রতন (৩০), দেওগাঁও পূর্ব পাড়ার জুয়েল ইসলাম ওরফে নিলয় (৩০) এবং মোঃ আবুল কালাম গাজী ওরফে নয়ন (৩৪)।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি জুয়েল ইসলাম ওরফে নিলয়ের বিরুদ্ধে পূর্বে দায়ের করা ২টি মাদক মামলা এবং ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা রয়েছে।
এ বিষয়ে ডিবি (উত্তর)-এর কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সাভার ও ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।